পল্লবীতে আট বছরের শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি সিপিবির

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন। আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরেছবি: সিপিবির সৌজন্যে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে।

শিশুটিকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি। দলের ঢাকা মহানগর উত্তর শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অংশ নিয়ে সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। পল্লবীতে নৃশংসতার শিকার শিশুটির পরিবারের হতাশা ও ক্ষোভ সেই বাস্তবতারই প্রতিফলন। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন সমাবেশে বলেন, ‘আমাদের সমাজ কোথায় চলে গেছে, শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি তারই চালচিত্র। যে নরপিশাচ এ কাজ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে সামাজিক অপশক্তি নারীকে মানুষ হিসেবে না দেখে ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করে জয়ী হতে না পারলে এ অপশক্তিকে দমন করা যাবে না।’

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন। আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে
ছবি: সিপিবির সৌজন্যে

এ ঘটনায় দ্রুততম সময়ে বিচার দাবি করে সিপিবির এই নেতা বলেন, সরকার যদি প্রকৃত সমাধান চায়, তাহলে বলব আজই ঘোষণা দিতে হবে ‘রাজধানী ঢাকাসহ সারা দেশ হবে শিশু ও নারীর জন্য নিরাপদ’। এই ঘোষণাকে রক্ষা করতে যা করা দরকার, সেটাই করতে হবে।

সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সাবেক সভাপতি সাজেদুল হক, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার ও নারী শাখার সদস্য মনোয়ারা বেগম প্রমুখ এ সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।