সংসদ সদস্য মোস্তাফিজুরের বিরুদ্ধে ‘একনায়ক’ আচরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন-ওয়ার্ডে সম্মেলনের ক্ষেত্রে কেন্দ্র বা জেলা আওয়ামী লীগের নির্দেশনা চট্টগ্রামের বাঁশখালীর সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আমলে নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, তিনি বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ‘একনায়ক’ আচরণ করছেন। বৈধ কমিটিকে পাশ কাটিয়ে নিজের পছন্দের লোক ডেকে সম্মেলন করছেন।

ইউনিয়ন-ওয়ার্ডে সম্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুরের সঙ্গে তাঁর বিরোধীদের দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। সম্মেলন নিয়ে মোস্তাফিজুরের একচেটিয়া তৎপরতার অভিযোগ ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওঠে।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। সভায় বিষয়টি নিয়ে কথা বলতে গেলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মোস্তাফিজুর। তিনি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় সভায় উপস্থিত কিছু নেতা-কর্মী মোস্তাফিজুরের দিকে বোতল ছুড়ে মারেন। পরে আবু সাঈদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। উপজেলার মতো পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ। নানা বিষয় নিয়ে মোস্তাফিজুরের সঙ্গে গফুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ কারণে নতুন কমিটি গঠনের বিষয়টি ঝুলে যায়। এ অবস্থায় গত বছরের ১০ জুন ঢাকায় কেন্দ্রীয় নেতারা দুই পক্ষের সঙ্গে বৈঠক করে। বিরোধ মীমাংসার পাশাপাশি সম্মেলন করার জন্য কেন্দ্র নির্দেশনা দেয়। কিন্তু ঢাকা থেকে ফিরে মোস্তাফিজুর কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করতে থাকেন বলে অভিযোগ।

স্থানীয় নেতাদের অভিযোগ, কয়েক মাস ধরে বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে মোস্তাফিজুর নিজেই সম্মেলনের আয়োজন করছেন। এ ক্ষেত্রে তিনি গফুরের সঙ্গে কোনো পরামর্শ করছেন না। বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে বর্তমান দায়িত্বপ্রাপ্তদের বাদ দিয়ে নিজের পছন্দের লোকদের নিয়ে সম্মেলন করছেন। এ ছাড়া তিনি জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও পাত্তা দিচ্ছেন না।

জানতে চাইলে আবদুল গফুর বলেন, ‘কেন্দ্র ও জেলার নির্দেশনা অনুযায়ী, ওয়ার্ড সম্মেলনে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব কী, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের সম্মেলনস্থলে ডাকা হয়নি। সব জায়গায় মোস্তাফিজুর প্রধান অতিথি হন। আমার নাম ব্যানারে রাখা হয় না। আমাকে কোনো কিছুতে ডাকা হয় না। এই সম্মেলন গঠনতন্ত্রবিরোধী।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, ‘এসব বিষয় জেনে আপনি কী করবেন?’

সম্মেলনে নেই সভাপতি-সম্পাদক

এখন পর্যন্ত কালিপুর, ছনুয়া, গন্ডামারা, শিলকূপ, খানখানাবাদ, বাহারছড়া ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডগুলোতে সম্মেলন হয়েছে। মোস্তাফিজুর একতরফাভাবে এসব সম্মেলন করেছেন বলে বিরোধীদের অভিযোগ। আরও আট ইউনিয়নে সম্মেলন বাকি রয়েছে।

ইতিমধ্যে হওয়া সম্মেলনগুলোতে ইউনিয়নের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে ডাকা হয়নি বলে অভিযোগ। কালিপুর ইউনিয়নে সম্মেলন হয় ২২ জুলাই। এ সম্মেলনে ইউনিয়নের সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক বেদারুল ইসলামকে ডাকা হয়নি।

এ বিষয়ে জাফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীতে এমপি একনায়ক। তিনি নিজের পছন্দের লোকদের নিয়ে একই দিনে ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন করে ফেলেছেন। আমাদের না ডেকে তিনি ইউপি চেয়ারম্যান শাহদাত আলমকে দিয়ে সম্মেলন করিয়েছেন। শাহদাত আওয়ামী লীগের সদস্যও নন। এমপির সঙ্গে কেউ নেই। তিনি জামায়াত-বিএনপির লোক নিয়ে কমিটি করছেন।’

একইভাবে অন্য ইউনিয়নগুলোর সম্মেলনেও বর্তমান পদধারীদের ডাকা হয়নি বলে অভিযোগ। তবে ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর করিমকে সম্মেলনে সভাপতিত্ব করতে দেওয়া হয়েছিল। তিনি সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কয়টিতে সম্মেলন হয়েছে, তা আপনাকে পরে জানাব।’

কেন্দ্র ও জেলাকে উপেক্ষা

বাঁশখালী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন তদারকির জন্য কেন্দ্রের নির্দেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিছের নেতৃত্বে একটি সাংগঠনিক টিম করে দেওয়া হয়। কিন্তু তারা উপজেলা কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগ করে সাড়া পাননি বলে অভিযোগ। সাংগঠনিক টিম বলছে, তাদের নির্দেশনা একরকম থাকলেও তা সম্মেলনে মানা হয়নি।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, ওয়ার্ড কমিটির সম্মেলনে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি থাকার কথা। সম্মেলনে সভাপতিত্ব করবেন ওয়ার্ডের সভাপতি। সঞ্চালনা করবেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক। কিন্তু এই নির্দেশনা মানা হয়নি।

আরও পড়ুন

দলের সিদ্ধান্ত না মানা প্রসঙ্গে মোস্তাফিজুরের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।

পাশ কাটানোর সুযোগ নেই

পাশ কাটিয়ে সম্মেলন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, বাঁশখালীর সব কমিটি অনেক আগের। এ জন্য সমস্যা বেশি। আগের ইউনিয়ন কমিটিগুলো বৈধ। বৈধ কমিটিকে পাশ কাটিয়ে কোনো সম্মেলন হবে না। সব বিষয় জেলা মনোনীত সাংগঠনিক টিম মনিটরিং করবে।

এ বিষয়ে সাংগঠনিক দলের প্রধান মো. ইদ্রিছ বলেন, ‘বাঁশখালীতে জামায়াতের দৌরাত্ম্য বেড়েছে। আমাদের সংগঠনে কিছু সমস্যা রয়েছে। আমরা একটি বর্ধিত সভা করব। সেখানে সিদ্ধান্ত হবে কোন কোন ইউনিয়নের সম্মেলন নতুন করে হবে কিংবা কীভাবে কমিটি করা যায়, তা দেখা হবে। দলের চেয়ে কেউ বড় নয়।’