ইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইউপি নির্বাচন প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেছেন, ‘কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন।’

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রথম দিনের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। প্রথম দিনের সংলাপে ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

সিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সম্পন্ন করার কথা তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য—এ ধরনের বিশেষণ দিয়ে অভিহিত করা হয়। পৃথিবীর অন্য কোথাও নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ দেওয়ার প্রচলন নেই। নির্বাচন বলতে এমন একটি বিষয় বোঝায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এ ধরনের বিশেষণ বাদ দিয়ে গণতন্ত্রের জন্য উপযোগী সত্যিকারের নির্বাচন দেখতে চান তিনি।

আরও পড়ুন

এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। স্বতন্ত্র প্রার্থীদের মতো প্রতীক পাবেন প্রার্থীরা। তবে দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও দলের সমর্থনপুষ্ট অনেক প্রার্থী থাকবেন। তাঁদের পেছনে দলের নেতাদের সমর্থন ও আশীর্বাদ থাকবে। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। প্রত্যেক দলের নেতাদের প্রভাব রয়েছে।

নাসির উদ্দিন বলেন, ‘যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে—সব আপনাদের নিয়ে আমরা মোকাবেলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। ১০ মাস থেকে এক বছর সময় লাগে এসব ভোট করতে। ধাপে ধাপে সব নির্বাচন করব, সেভাবে কৌশল নিতে হবে।’

আরও পড়ুন

প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জেএসডি, জাকের পার্টি, বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন