বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই ভোটকেন্দ্র ঢাকা-১৭ সংসদীয় আসনের অধীন। এই আসনের প্রার্থীও তিনি।
গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারেক রহমানের ভোট দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দেবেন শফিকুর রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন। তাঁর নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, এই আসনের বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হবে। একটি আসনে (শেরপুর-৩) নির্বাচন স্থগিত রয়েছে।
মির্জা ফখরুল ও গোলাম পরওয়ার কোথায় ভোট দেবেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার—দুজনই ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় নির্বাচন করছেন।
মির্জা ফখরুল নির্বাচন করছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। তিনি ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে।
মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে প্রার্থী হয়েছেন। তিনি ভোট দেবেন এই আসনের আওতাধীন ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
মামুনুল, সাকি, নুরুল, মঞ্জু ও ফুয়াদ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করছেন। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী ভোট দেবেন এই আসনের অধীন মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সমর্থনে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি ভোট দেবেন বাঞ্ছারামপুর উপজেলার ফয়দাবাদ ইউনিয়নের চরলৌহনিয়া গ্রামের কলাকান্দি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী। তিনি ভোট দেবেন এই আসনের গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ফেনী-২ আসন থেকে নির্বাচন করছেন। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী ভোট দেবেন ফেনী সদর উপজেলার শর্শদি উত্তর খানেবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ আসনে প্রার্থী হয়েছেন। তিনি এই আসনের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।