মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি (সংরক্ষিত মহিলা আসন–২৩) শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন করতে হবে। ফেরদৌসী আহমেদ ছিলেন সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। এখন এই আসনটিতে কীভাবে নির্বাচন হবে, সব দল এখানে প্রার্থী দিতে পারবে কি না, এসব প্রশ্ন সামনে এসেছে।
জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ।
ফেরদৌসী আহমেদ বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন। তিনি ২০০২ সাল থেকে ২০০৬ সাল মেয়াদে মিরপুরের শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনে বলা আছে, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে কোনো সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে ওই আসন বণ্টন করা হয়েছিল, শুধু সেই দল বা জোটই উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই উপনির্বাচনে ভোটারও হবেন ওই নির্দিষ্ট দল বা জোটের সংসদ সদস্যরা।
অর্থাৎ এই আসন বিএনপির। শূন্য হওয়ার পর উপনির্বাচনেও শুধু বিএনপিই এখানে প্রার্থী দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দেবেন বিএনপির সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে একক প্রার্থীই দেওয়া হয়, যে কারণে ভোটের প্রয়োজন হয় না। তবে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে।
ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণার আগে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন, তিনি নারী হন বা পুরুষ, তাহলে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করবে। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে অবহিত করবে। নির্বাচন কমিশন তখন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই পদ পূরণে নির্বাচন দেবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই উপনির্বাচনেও পূর্ণাঙ্গ তফসিল দিতে হবে। তবে এখানে ভোটার হবেন যে দলের সংরক্ষিত আসন থেকে পদত্যাগকারী নারী যে দলের প্রতিনিধিত্ব করছিলেন, সেই দলের সংসদ সদস্যরা। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানায়, এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। ইতিমধ্যে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসন শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
স্পিকার বলেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’