বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথম দিনে বিক্রি ৫ শতাধিক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। নয়াপল্টন, ঢাকা। ১০ এপ্রিলছবি: প্রথম আলো

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথম দিনে পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়নপ্রত্যাশীরা এসেছেন। যাঁরা গত ১৫-১৬ বছর নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন—তাঁদের প্রত্যাশা থাকবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি মনে করি, বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার যোগ্যতা—সবকিছু বিবেচনা করা হবে।’

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনছেন নারীনেত্রীরা। ঢাকা। ১০ এপ্রিল
ছবি: প্রথম আলো

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম নিতে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হবে। ১২ এপ্রিল রোববার পর্যন্ত তিন দিন এই ফরম বিক্রি চলবে। এর মধ্যে ফরম কেনা ও জামানতসহ জমা দিতে হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এই সময়ে ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে ১৯টি।

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল।

বিএনপি কার্যালয়ের চিত্র

শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। সেখানে অনেকে দলীয় লোকজন নিয়ে মনোনয়ন ফরম কিনতে এসেছেন। আবার অনেকে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। বেশির ভাগ প্রার্থীই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে ফরম হাতে নিয়ে ছবি তুলে রাখছেন। এ সময় অনেক নেত্রীকে নিয়ে তাঁর অনুসারীদের স্লোগান দিতে দেখা যায়।

সেখানে এই প্রতিবেদক কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের সঙ্গে। ২০০১ সালে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন।

হেলেন জেরিন খান প্রথম আলোকে বলেন, তিনি ১৭ বছরের আন্দোলন–সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সংরক্ষিত নারী আসনে দল যদি শিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত নেত্রীদের মূল্যায়ন করে, তাহলে তিনি বিবেচিত হবেন। যোগ্যদের মূল্যায়ন করতে তিনি বিএনপির চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের কাছে অনুরোধ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করছেন বিএনপির নেত্রীরা। নয়াপল্টন, ঢাকা। ১০ এপ্রিল
ছবি: প্রথম আলো

এর কিছুক্ষণ পর একই জায়গায় প্রতিবেদক কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের সহত্রাণবিষয়ক সম্পাদক নুরুন্নাহার রেজার সঙ্গে। তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক প্রয়াত কাজী রেজাউল করিমের সহধর্মিণী।

নুরুন্নাহার রেজা বলেন, তিনি নিজে ও তাঁর স্বামী দলের দুর্দিনে রাজপথে ছিলেন। দলের প্রতি তাঁদের অবদান মূল্যায়ন করে তাঁকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির কার্যালয়ের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে প্রতিবেদকের কথা হয় ৫৮ বছর বয়সী সেলিনা হাফিজের। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক।
সেলিনা হাফিজ বলেন, নব্বইয়ের দশক থেকে তিনি রাজনীতিতে সক্রিয় আছেন।

মহিলা দলের অবিভক্ত মিরপুর থানার সাধারণ সম্পাদক ছিলেন। বিগত ১৭ বছর এবং তার আগের সময়ের আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল। রাজনীতির কারণে ২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর মতে, বিএনপির যে কেউ সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনতে পারেন, এটা তাঁদের অধিকার। তবে মনোনয়নের ক্ষেত্রে দল যেন ত্যাগীদের মূল্যায়ন করে।

মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ও বাইরে কিছুটা জটলা তৈরি হতে দেখা যায়। বিশেষ করে কার্যালয়ের ঠিক সামনে দাঁড়িয়ে অনেক অনুসারীকে প্রার্থীর নামে স্লোগান দিতে দেখা গেছে।

এর মধ্যে একজন প্রার্থী মহিলা দলের সাবেক সদস্য সানজানা চৈতি। তাঁর কাছে মনোনয়ন নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে বলেন, তিনি ২৬ বছরের বেশি সময় বিএনপির রাজনীতি করছেন। দলের জন্য তাঁর অনেক ত্যাগ রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী, নির্যাতিতদের প্রাধান্য দেওয়া হবে। এ জন্য তিনি আশাবাদী। সংসদে যেতে পারলে সবার আগে নোয়াখালীকে বিভাগ করার জন্য কাজ করবেন।

বিএনপি সূত্র জানিয়েছে, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, মহিলা দলের সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সহত্রাণবিষয়ক সম্পাদক নুরুন্নাহার রেজা শিল্পী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা প্রমুখ মনোনয়ন ফরম তুলেছেন।