নয়াপল্টন থেকে বিএনপির কালো পতাকা গণমিছিল যাচ্ছে দয়াগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করে বিএনপি। ঢাকা, ২৫ আগস্ট
ছবি: দীপু মালাকার

সরকারের পদত্যাগে এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে ‘কালো পতাকা গণমিছিল’ শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে এ মিছিল শুরু হয়েছে। নয়াপল্টন থেকে শুরু হওয়া এই কালো পতাকা মিছিল পুরান ঢাকার দয়াগঞ্জে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিল শুরুর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পিকআপ ভ্যানের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে দলের সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা বর্তমান সরকারের পদত্যাগের দাবির সমর্থনে বক্তব্য দেন।

গত ১২ জুলাই সরকার পদত্যাগের এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এর আগে ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়। অর্থাৎ চলতি মাসের গত তিন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো গণমিছিল করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নিয়েছেন।

আজকের কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম থাকছেন না। তিনি চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে গেছেন।