ইসলামী আন্দোলনের আমিরের বাসায় গেলেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলন আমিরের বাসভবনে যান তারেক রহমান। সেখানে এই শীর্ষ দুই নেতা পৌনে এক ঘণ্টা কথা বলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছেন, তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় দলের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তারেক রহমানও রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের সহায়তা চেয়েছেন।
চরমোনাই পীর বলেন, বিএনপির সব ভালো কাজের প্রতি সমর্থন দেওয়ার এবং দেশ-জাতি ও ইসলামের স্বার্থবিরোধী কাজের নিয়মতান্ত্রিক প্রতিবাদের ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। তারেক রহমান প্রতিবাদের আগে আলোচনা করার আহ্বান জানিয়েছেন, তাদের দল সেটি সাদরে গ্রহণ করেছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈঠকে বিএনপির প্রতি জুলাই সনদ ও উচ্চকক্ষের ব্যাপারে জনরায়ের প্রতি শ্রদ্ধা ও মান্যতা প্রদর্শনের আহ্বান করা হয়েছে। এর জবাবে বিএনপির নোট অব ডিসেন্ট (আপত্তি) দেওয়া বিষয়গুলো সংসদের সিদ্ধান্তের ওপরে ন্যস্ত করার কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।