ভান্ডারিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৩
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলামসহ ছাত্রদলের তিন নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ভান্ডারিয়া পৌরসভার জামিরতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন দুলাল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামিরতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্য ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জমান বলেন, গতকাল রাতে একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হয়েছে। ছাত্রদলের তিন নেতাকে ওই গায়েবি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।