জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জাপার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির কো-চেয়ারম্যানদের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জি এম কাদের। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
আগামীকাল মঙ্গলবার সারাদেশে জাপার বিভাগীয়, জেলা, উপজেলা ও সকল ইউনিটের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
রোববারের সভায় আরও উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।