বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীর প্রভাব বিস্তার সুসম্পর্কের জন্য সহায়ক নয়: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকফাইল ছবি: প্রথম আলো

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তারের উদ্যোগ দুই দেশের সুসম্পর্কের জন্য সহায়ক নয়। বাংলাদেশের জনগণ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে।

মামুনুল হক বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিবেশী দেশগুলোর কাছ থেকেও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতার প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত।

আজ শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে মাওলানা মামুনুল হক এ কথা বলেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন আর এটি সঞ্চালনা করেন খেলাফতের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচনার বিষয়ে জানানো হয়।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে সাধারণ গ্রাহকদের ওপর ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপানো হচ্ছে। অন্যদিকে মফস্‌সল ও গ্রামাঞ্চলে চলছে সীমাহীন লোডশেডিং। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর একদিকে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা; অন্যদিকে নিয়মিত বিদ্যুৎ না পাওয়ার ভোগান্তি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুৎ খাতের অনিয়ম ও ভুতুড়ে বিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মফস্‌সলাঞ্চলে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

দেশের গৃহস্থালি, শিল্পকারখানা ও পরিবহন খাতে তীব্র গ্যাস ও জ্বালানিসংকট দেখা দিয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, গ্যাসের অভাবে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে; একই সঙ্গে শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের ভুল নীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট এ সংকট নিরসনে কালক্ষেপণ না করে বিকল্প উপায়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন মামুনুল হক। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণহত্যাসহ জনগণের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণ–অভ্যুত্থানের অর্জন রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারকে দায়িত্বশীল ও দৃঢ় অবস্থান নিতে হবে।

বৈঠকে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।