বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের লোগো

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটির এমন অভিযোগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলকে।

সোমবার ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেল সাড়ে চারটায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও আন্তর্জাতিক উপকমিটির সদস্য অ্যাম্বাসেডর মো. জমির। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে ক্ষমতাসীনদের কাছে নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। এতে আওয়ামী লীগের নেতারা দলের বক্তব্য তুলে ধরেন। বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্যরা দ্বাদশ সংসদ নির্বাচনে ইইউর পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।

আওয়ামী লীগের এক নেতা বলেন, তাঁদের এই বৈঠক ছিল নিয়মরক্ষার। ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে বৈঠক হবে এবং ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

জানা গেছে, সুষ্ঠু নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চায় ইইউ প্রতিনিধিদল। জবাবে মো. জমির প্রতিনিধিদলকে জানান, দলীয় সরকারের অধীন নির্বাচন নিরপেক্ষ হওয়ার নজির শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে। সর্বশেষ পাঁচ সিটি করপোরেশন নির্বাচন তার নজির। গাজীপুর সিটির ভোটে নিজের দলের প্রার্থীর পরাজয়ের কথাও তুলে ধরেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ করতে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে আওয়ামী লীগ। একই সঙ্গে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথাও বৈঠকে জানান দলটির নেতারা। ২০১৪ সালে ভোট বর্জনের বিএনপির আন্দোলন সহিংস রূপ নিলে অনেক প্রাণহানি ও দেশের সম্পদ নষ্টের যেসব ঘটনা ঘটেছিল, সেই পরিস্থিতিও ইইউ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, বৈঠকে শাম্মী আহমেদ দাবি করেন, বিএনপি কখনোই নির্বাচন চায় না, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ২০১৮ সালের নির্বাচনে এসে মনোনয়ন–বাণিজ্য করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইইউ প্রতিনিধিদলকে শাম্মী আহমেদ এও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে চক্রান্ত করে এ পদ্ধতিকে বিতর্কিত করেছে।

বৈঠকে ২০০১ সাল নির্বাচন–পরবর্তী বিএনপি-জামায়াত সরকারের সময়কার বিভিন্ন চিত্র ইইউ প্রতিনিধিদলকে জানায় আওয়ামী লীগ। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ দলটির নেতা–কর্মীদের ওপর বিভিন্ন নির্যাতনের চিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে তুলে ধরা হয়।

বৈঠক শেষে বেরিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সৌজন্যমূলক আলাপ–আলোচনা হয়েছে বলে জানিয়ে শাম্মী আহমেদ বলেন, অনেকটাই পরিচিত হওয়ার মতোই। নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি। তারা হয়তো পরবর্তী সময়ে আরও দলের সঙ্গে কথা বলবে।

সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে, না আসবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।’