সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম বুলবুলের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথাগুলো বলেন। বেলা তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর পরিস্থিতি থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। জনগণের সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও দৃশ্যমান উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই
গাইবান্ধা-৫ আসনের মো. আবদুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে অভিযুক্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।
ঢাকাজুড়ে সিসিটিভি মনিটরিংয়ের উদ্যোগ
ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্প এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের প্রাথমিক ডিপিপির ওপর অনুষ্ঠিত বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন চলমান আছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হলে সমগ্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিসিটিভি মনটরিং সিস্টেমের আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের সময়ে (১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬) সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮ হাজার ৪০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
রাজশাহী–৪ আসনের আবদুল বারী সরদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিআরটিএর তথ্যমতে দেশের বিভিন্ন মহাসড়কে ৮২৯টি ডাবল ডেকার বাসের বৈধ অনুমতি রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে কিছু অসাধু বাসমালিক ডাবল ডেকার বাসের বডির ধরন পরিবর্তন করে সেগুলোকে ডাবল ডেকার (স্লিপার বাস) হিসেবে রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছেন বলে প্রতীয়মান হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কিছু ডাবল ডেকারের (স্লিপার বাস) রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
বছরে তিন হাজার পরিবার বাস্তুচ্যুত
সংরক্ষিত আসনের শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার ও ১৫ হাজারের বেশি মানুষ নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত হয়।
কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬৯ দশমিক শূন্য ৯ মিলিয়ন এবং বেকার ২ দশমিক ৬২ মিলিয়ন; বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতিবছর গড়ে ১৩ দশমিক ৬ লাখ মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছেন বলে মন্ত্রী জানান।