ছাত্রলীগের হাতে নির্যাতিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে সেল গঠন করেছে ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে ‘শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল’ গঠন করেছে ছাত্রদল। নির্যাতিত শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘আইনি সহায়তা সেল’ গঠন করেছে সংগঠনটি।

আজ বুধবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসন প্রলম্বিত করতে ছাত্রলীগের নেতা–কর্মীরা ছাত্রদল ও অন্যান্য বিরোধী মতের সংগঠনের নেতা–কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের বিচারব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করে এসব ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়াকেও এগোতে দেয়নি।

তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের ঘটনার ন্যায়বিচার ও সত্য ইতিহাস সংরক্ষণের তাগিদে একটি ‘শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল’ ও একটি ‘আইনি সহায়তা সেল’ গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের কাছেও সহযোগিতা প্রত্যাশা করছে ছাত্রদল।

শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে সাতজনকে। তাঁরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, এ বি এম ইজাজুল কবির, মনজুরুল আলম, খোরশেদ আলম, আরিফুল ইসলাম, গণেশ চন্দ্র রায় ও নাহিদুজ্জামান শিপন।

আর আইনি সহায়তা সেলের সদস্যরা হলেন সাজ্জাদ হোসেন, এইচ এম জাহিদুল ইসলাম, আল আমিন, রফিকুল ইসলাম, মল্লিক ওয়াসি উদ্দিন ও এস এম সাইফ কাদের।