বিজয়ী হলে এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব: হাবিবুর রশিদ
নির্বাচনে বিজয়ী হলে ঢাকা–৯ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, ‘নির্বাচনে জয়ী হয়ে এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব। এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও উন্নয়নমুখী ঢাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’
আজ মঙ্গলবার ঢাকা–৯ আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় হাবিবুর রশিদ এ কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, ‘এই নির্বাচন বহু সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে এসেছে। শহীদ শরিফ ওসমান হাদিসহ অনেকেই দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁদের প্রতি সম্মান জানাতে আমাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোটার উপস্থিতিই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’
নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, ‘আমাদের এলাকায় গ্যাস–সংকট, পানির সমস্যা ও জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই, হাসপাতালও মাত্র একটি, তাও আধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন নয়। এসব সমস্যার সমাধান করতে হলে জনগণের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তা সম্ভব একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।’
মাদক, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমাদের দল কখনো অপরাধীদের প্রশ্রয় দেবে না। সততা ও আইনের শাসন মেনে এলাকার উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।’
হাবিবুর রশিদ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘দলের স্বার্থে মানুষের ক্ষতি করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।’
১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমেই গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। তাই নিজের পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’