বিএনপি থেকে জনগণকে নিরাপত্তা দিতে যুবলীগকে মাঠে থাকতে হবে: চেয়ারম্যান
যুবলীগকে জনগণের সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, যুবলীগের প্রধান কাজ হচ্ছে এখন মাঠে থেকে জনগণকে নিরাপত্তা দেওয়া। বিএনপি-জামায়াত যাতে কোনোভাবেই সাধারণ মানুষকে ‘ভিকটিম’ বানাতে না পারে, সেই খেয়াল রাখতে হবে।
রাজধানীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন সংগঠনের চেয়ারম্যান। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ‘সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে যুবলীগ ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন ধরে নানা কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে বুধবার ছিল প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার বিকেলের পর ঢাকার প্রতিটি থানা থেকে যুবলীগের পক্ষে মিছিল বের হতে দেখা গেছে।
নতুন বাজার এলাকার সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস আরও বলেন, এ দেশের জনগণই বিএনপির প্রধান প্রতিপক্ষ। সাধারণ মানুষকে তারা ভয়ভীতি দেখিয়ে ও নৈরাজ্য সৃষ্টি করে শিকার বানানোর চেষ্টা করেছে, করছে। তাই যুবলীগকে মানুষের পাশে দাঁড়িয়ে এর জবাব দিতে হবে।
সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান বলেন, বিএনপি-জামায়াত আবারও দেশের জনগণের ওপর আঘাত হানতে চায়। কিন্তু যুবলীগের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।
যুবলীগ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, শেখ ফজলে নাঈম, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী, মশিউর রহমান, জাকির হোসেন, মাইন উদ্দিন, ইসমাইল হোসেন, এইচ এম রেজাউল করিম, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান, শামছুল আলম প্রমুখ।