আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পুলিশের নির্দেশে তা বন্ধ রয়েছে। ঢাকা, ২৭ অক্টোবর
ছবি: দীপু মালাকার

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চ তৈরির কাজ বন্ধ রয়েছে। আজ শুক্রবার বিকেলে দেখা যায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ অর্ধনির্মিত অবস্থায় কাজ বন্ধ রাখা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গিয়ে দেখা যায়, বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে মঞ্চের একটি অংশ নির্মাণ করা হয়েছে। চার-পাঁচজন শ্রমিক কাজ বন্ধ করে বসে আছেন। মঞ্চের সামনের অংশে ছয়জন পুলিশ সদস্য চেয়ার পেতে বসে আছেন।

এর আগে সকাল ৯টার দিকেজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু করেন একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মীরা। ওই প্রতিষ্ঠানের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২৪ ফিট বাই ৬০ ফিট আকারের মঞ্চ হবে। উচ্চতা হবে ৬ ফিট। মঞ্চের অর্ধেকের মতো বানানো হয়। দুপুরের দিকে পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলেছে। এর পর থেকে কাজ করছি না।’

তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি প্রথম আলোকে বলেন, রাতের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাল (শনিবার) সকাল ১০টার আগেই লাখো নেতা-কর্মী জড়ো হবেন। ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মূল সমাবেশ আড়াইটায় শুরু হবে।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে পুলিশ এখনো সিদ্ধান্ত নেয়নি। যেহেতু সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই বিএনপির নেতা-কর্মীদের নয়াপল্টন থেকে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করতে নিষেধ করা হয়েছে।

এদিকে আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছি। মঞ্চের কিছু অংশ হচ্ছিল। পুলিশ আমাদের মঞ্চ করতে দেয়নি। মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন। সরকারি দলকে অনুমতি দিয়েছে আর তাদের (বিএনপি) অনুমতি দেয়নি, এটা ডাহা মিথ্যা। আমাদের কোথায় মঞ্চ?’ তিনি মির্জা ফখরুলকে বলেন এখন এসে দেখে যেতে, ‘পুলিশ যখন আমাদের অনুমতি দেবে, তখনই কাজ করব। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমরাও অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ করতে পারিনি।’