খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে কবে বাসায় ফিরবেন, সিদ্ধান্ত কাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে কবে বাসায় ফিরবেন, আগামীকাল মঙ্গলবার চিকিৎসকেরা সেই সিদ্ধান্ত দেবেন। গত শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দুই দিনে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে।
বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তাঁর হৃদ্যন্ত্র, লিভার (যকৃৎ) ও কিডনির বিভিন্ন পরীক্ষা করা হয় গত দুই দিনে। এসব পরীক্ষার প্রতিবেদন নিয়ে তাঁর চিকিৎসকদের বোর্ড গত রাতে পর্যালোচনা বৈঠক করেছে।
নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
জাহিদ হোসেন উল্লেখ করেন, চিকিৎসকেরা খালেদা জিয়ার যকৃতের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সেই পরীক্ষাগুলো করানো হচ্ছে। এসব পরীক্ষার প্রতিবেদন আগামীকাল পাওয়া যাবে।
জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া কবে হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারবেন, সে ব্যাপারে আগামীকালই চিকিৎসকেরা সর্বশেষ সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।
গত বছরের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। এ ছাড়া তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সে সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। এখন তাঁর হৃদ্যন্ত্রের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।
৭৮ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, যকৃৎ, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।