সমঝোতায় আ. লীগ-বিএনপির নেতারা, এক পক্ষ ক্ষমতায় অন্যপক্ষ বিদেশে গিয়ে তাঁদেরই বাসায়: হাসনাত আবদুল্লাহ

‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে এমন এক ধরনের সমঝোতার রাজনীতি চলছে, যেখানে ক্ষমতার পালাবদল হলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ দেশের বাইরে গিয়ে তাদেরই বাসায় আশ্রয় নিচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাদের একটি অংশ সম্পর্ক বজায় রেখে চলেছে বলেই বিএনপির আন্দোলন সফল হয়নি বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমরা এমনও শুনেছি, মালয়েশিয়ার যে বাড়িটাতে এতদিন বিএনপির এক এমপি থাকতো, ঠিক ওই বাড়িটাতে গিয়েই আবার আওয়ামী লীগের এমপি উঠছে। আগের এমপি, মানে এই ১৭ বছর বিএনপির এমপি পলাতক ছিল। কোথায় ছিল? মালয়েশিয়ার একটা বাড়িতে। তখন আওয়ামী লীগের এমপি বাংলাদেশে রাজত্ব করেছে। ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের এমপি গিয়ে মালয়েশিয়ার ওই বাড়িতে উঠছে, আর বিএনপির এমপি মালয়েশিয়ার বাড়ি থেকে আবার ওই এলাকায় আসছে। কত সুন্দর সেটেলমেন্ট! তো আবার যদি পটপরিবর্তন হয়, সমস্যা কী! ভাই আমি আছি, আবার তোমাকে দেখব।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এ সভার আয়োজন করে এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সেল।

আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক পরিবর্তন হলে একটি অংশ ফিরে আসছে, অন্য অংশ তাদের আশ্রয়ে থাকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের কর্মীরা। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হলে দেশে আবারও নির্যাতন-নিপীড়নের পরিবেশ তৈরি হতে পারে। বিএনপির একটি অংশের কারণে দলটির নেতা-কর্মীদের জীবনও বিপন্ন হতে পারে।

আওয়ামী লীগের বিচারের প্রশ্নে বিএনপির দ্বিচারিতা রয়েছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, পলাতক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও দেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। গণ–অভ্যুত্থানের দুই বছর পার হলেও এত দিনে একটি রায়ও বাস্তবায়ন হয়নি।

১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার দৃশ্যমান না হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ২১৭টি আসন পেয়েও বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের বাইরের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন। দেশকে রক্ষা করতে সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।

ভারতের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত ‘লার্জেস্ট হাউস অব ক্রস-বর্ডার টেররিস্ট’। উলফার (উত্তর-পূর্ব ভারতের সশস্ত্র, নিষিদ্ধ সংগঠন) কোনো নেতা বাংলাদেশে বসে আসামে সন্ত্রাসী কার্যক্রম চালালে ভারত তা মেনে নিত না। অথচ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা একটি দল ভারতে বসে একই ধরনের কার্যক্রম চালালেও দেশটি তা মেনে নিচ্ছে। এটি দ্বিচারিতা।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। তবে এই আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ যেন কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা ধ্বংস হলে শ্রমিকদের কর্মসংস্থানও হুমকিতে পড়বে।

আলোচনা সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও জামিন বাণিজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করছে বিএনপি। এর মাধ্যমে শুধু পেশা হিসেবে আওয়ামী লীগের দাগি আসামিদের জামিন করানো নয়, কত টাকার বিনিময়ে জামিন করানো যায়, সেটিকে একটি উৎসবে পরিণত করছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা কোটি টাকা দরে আওয়ামী লীগের আসামিদের জামিন করানোর দর-কষাকষি করছেন বলেও অভিযোগ করেন সারজিস আলম।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও জামিন বাণিজ্য বন্ধ না করে, তাহলে জনগণের ঐক্য প্রত্যাশা করা উচিত নয়। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করলে বিএনপিও অল্প সময়ের মধ্যে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

এনসিপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, জুলাই আন্দোলনের সমন্বয়কদের ওপর আক্রমণ ও হত্যার হুমকির ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন সারজিস আলম।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে বিচারিক প্রক্রিয়ায় বিচারের দাবি জানান। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ওপর সে দেশে হামলা করছে, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের আত্মবিশ্বাস ও দৃঢ়তার ঘাটতি দেখা যাচ্ছে। বিএনপির নমনীয়তা ও আপসকামিতার চড়া মূল্য শুধু দলটিকে নয়, দেশের জনগণকেও দিতে হতে পারে। আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া এবং অর্থের বিনিময়ে তাদের অপরাধীদের জামিন করানোর অভিযোগও করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, ২০০৬ সালে পল্টনে যে লগি-বইঠার তাণ্ডব হয়েছে, আওয়ামী লীগ এখনো সেখানেই আছে। গোপালগঞ্জে তাদের যে তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেছে, সেখানেও আওয়ামী লীগের হাতিয়ার হিসেবে লগি-বইঠা দেখা গেছে। বিএনপির আপসকামিতা ও নমনীয়তার কারণে আওয়ামী লীগ কোনোভাবে ফিরতে পারলে লগি-বইঠা দিয়ে সাপের মতো পিটিয়ে দেশের মানুষকে হত্যা করতে চাইবে।

লন্ডনে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ হাই কমিশন ব্যর্থ হয়েছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, তাদের ব্যর্থ হওয়ার কারণ আওয়ামী লীগের লোকদের হাইকমিশনসহ বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে।

সারোয়ার তুষার আরও বলেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাময়িকভাবে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে নেওয়ার রাজনৈতিক হিসাব থেকেই এমন তৎপরতা চলছে। তিনি বলেন, এ ধরনের ভোটের রাজনীতির কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় পড়ছে।

সরকারের প্রতি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সারোয়ার তুষার বলেন, বিরোধী দলকে হুমকি বা চাপ দিয়ে সহযোগিতা পাওয়া যাবে না। সংসদে প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলতে হবে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। এমন আহ্বান জানানো হলে বিরোধী দল সহযোগিতা করবে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আওয়ামী লীগের নাশকতার পেছনে ক্ষমাসুন্দর মানসিকতা অনেকাংশে দায়ী। সরকারকে বড় বড় কথা না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে নজর দিতে হবে।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেন, খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃশ্যমান বিচার এখনো দেখা যাচ্ছে না। সরকারকে এ বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তা না হলে সরকারের পরিণতিও বিগত সরকারের মতো হতে পারে।

সভায় শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ আরাফাত হুসাইনের ভাই হাসান আলী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত আতিকুল গাজী, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি সালমান হোসেন প্রমুখ বক্তব্য দেন।