বিএনপির গুলশানের কার্যালয়ে নেতা–কর্মীদের ভিড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর বিএনপির অপেক্ষা এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার। নির্বাচনে জিতে দলটির নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসবের আবহ। দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ভিড় করছেন গুলশানের কার্যালয়ে। তাঁদের কেউ কেউ আবার আসছেন ফুল নিয়ে। আর বিজয়ী সংসদ সদস্যরা আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। কার্যালয়ে আসছেন দলের জ্যেষ্ঠ নেতারাও।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে গুলশানের কার্যালয়ে আসেন। এর পর থেকে ওই কার্যালয়ে আসতে থাকেন বিভিন্ন সংসদীয় আসনে বিজয়ী সংসদ সদস্যরা। তাঁরা পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কার্যালয়ের সামনে আসছেন বিএনপির তৃণমূলের নেতা–কর্মীরাও। তাঁদের একজন ময়মনসিংহ থেকে আসা ছাত্রদলের সমর্থক রাকিবুল ইসলাম। বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দল জিতেছে, সে জন্য আমাদের নেতা ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এসেছি। অপেক্ষা করছি, সুযোগ হলে নেতার সঙ্গে দেখা করব।’
ওই কার্যালয়ে নেতা–কর্মীদের উপস্থিতির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।