যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ নিহত হওয়া মানবাধিকারের লঙ্ঘন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ ফয়সাল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সালের মৃত্যুকে অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক ও মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রেও যে মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করি। তবে যুক্তরাষ্ট্রের সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে, তদন্ত চলছে। আশা করি, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাঁরা এ ঘটনার জন্য দোষী, তাঁদের বিচার হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমাদের দেশে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, কেউ লঙ্ঘন না করে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। বিশ্বময় কোথাও যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেটিও আমরা চাই।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

‘আদালত স্বাধীন বলেই মুক্তি পেলেন ফখরুল-আব্বাস’

বিএনপির দুই শীর্ষ নেতার জামিনে মুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান বলেন, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস যে মুক্তি পেয়েছেন, এতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশের আইন–আদালত স্বাধীন। কারণ, সরকার তাঁদের গ্রেপ্তার করেছিল, তাঁরা আইনি লড়ায়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মুক্তি লাভ করেছেন। দেশের আইন–আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করেন, সেই কারণেই তাঁরা মুক্তি লাভ করেছেন। তিনি বলেন, ‘আমি তাঁদের দুজনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তাঁরা যাতে সুস্বাস্থ্য বজায় রেখে সরকারের বিরোধিতা করতে পারেন, সেটিই আমি কামনা করি।’

আরও পড়ুন

বিশৃঙ্খলা প্রতিহতে জনগণের সঙ্গে থাকবে আওয়ামী লীগ

১১ জানুয়ারি বিএনপির দেশব্যাপী গণ-অবস্থান কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বা কোনো বিরোধী দল যদি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করে, সে ক্ষেত্রে সরকার সব সময় সহযোগিতা করেছে এবং করবে। কিন্তু আমরা সব সময় দেখেছি তারা শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে সেখানে অশান্তি তৈরি করে এবং জনগণের সম্পত্তি বিনষ্ট করে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘১০ ডিসেম্বর ঘিরেও তারা দেশে অশান্তি তৈরি করেছিল। তারা গাড়িতে আগুন দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে এবং জনগণের শান্তি নিরাপত্তা স্থিতি বিনষ্ট করেছে। ১১ তারিখেও আমরা সতর্ক দৃষ্টি রাখব, সতর্ক পাহারায় থাকব। আমাদের দল সতর্ক পাহারায় থাকবে, যাতে তারা রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। যদি করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ প্রতিহত করবে, আমাদের দল জনগণের সঙ্গে থাকবে।’

আরও পড়ুন
বৈঠক শেষে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনার ওপর পাঁচটি বইয়ের একটি করে সেট উপহার দেন
ছবি: সংগৃহীত

ভারতবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব

এর আগে তথ্য ভবন মিলনায়তনে ৬ থেকে ১০ জানুয়ারি বাংলাদেশ সফররত ৩৪ ভারতীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ১৯৭১ সালে ভারত শুধু তাদের সীমান্ত খুলে দেয়নি, ঘরের দুয়ারই খুলে দেয়নি, মনের দুয়ারও খুলে দিয়েছিল। নিজে না খেয়ে বা কম খেয়ে এ দেশ থেকে যাওয়া শরণার্থীদের তারা খাইয়েছে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন সেটি আমাদের দেশের মানুষ মনে রাখবে।

মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং ঊর্ধ্বতন কর্মকতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের দুই দেশের মৈত্রী রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশিরা, এ দেশের সব নাগরিক, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন আমরা ভারতবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব, তাদের ভূমিকার জন্য।’

কলকাতার ২৫ জন ও আসামের ৯ জন সাংবাদিকের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা বাংলাদেশের কিছু অংশ ঘুরে দেখেছেন এবং নিশ্চয়ই বাংলাদেশে যাঁরা ১২-১৪ বছর আগে এসেছিলেন, তাঁরা পার্থক্যটা বুঝতে পেরেছেন। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সময় ভারতীয় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে তিনি ভারতের সহায়তা কামনা করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতোই এখানে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে জানান এবং কোনো গুজব যেন সাম্প্রদায়িক বা সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে, সে জন্য সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় বলে দেয়, এ দেশ থেকে অর্থনৈতিক কারণে কোনো প্রতিবেশী দেশে অনুপ্রবেশ ঘটার কোনো কারণ নেই।’

বৈঠক শেষে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনার ওপর পাঁচটি বইয়ের বইয়ের একটি করে সেট উপহার দেন। মন্ত্রী কলকাতা প্রেসক্লাব প্রকাশিত ‘অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামে পূর্ববঙ্গের মহীয়সীরা’ বইটি গ্রহণ করেন এবং সাংবাদিক সুমন ভটাচার্য সম্পাদিত ‘শেখ হাসিনা এবং বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন করেন।