সেলিম উদ্দিনসহ জামায়াতের ১৪ নেতা–কর্মীকে আটকের অভিযোগ
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ নেতা–কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দলটি অভিযোগ করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়েছে বলে জামায়াতের মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ সেলিম উদ্দিনসহ আটক ব্যক্তিরা ‘সাংগঠনিক উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে যোগ দেন। বিকেল পাঁচটায় বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ মাহফিল হচ্ছিল। এতে সেলিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। ইফতারের আগমুহূর্তে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা ১৪ জনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে যোগাযোগ করলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেছেন, জামায়াতের নেতা-কর্মীদের আটক করার তথ্য তিনি জানেন না।