ইসির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলনকক্ষে ওই বৈঠক হয় বলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণপদ্ধতি নিয়ে ঐকমত্য হয়। আগামী নির্বাচনের আগে সীমানা নির্ধারণের জন্য ইসির অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। তাদের সুপারিশের ভিত্তিতে ইসি আসনের সীমানা পুনর্নির্ধারণ করবে। এ ছাড়া দীর্ঘ মেয়াদে সীমানা নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবারের বৈঠকে ইসিকে জানানো হয়েছে। ইসির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ইসির পক্ষ থেকে ঐকমত্য কমিশনকে জানানো হয়, ইতিমধ্যে তারা সীমানা নির্ধারণে এ রকম একটি গঠন করেছে।
বৈঠকে নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আলোচনায় অংশ নেন।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।