বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ২৫ জন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে আজ শনিবারও ক্ষমতাসীন দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপচে পড়া ভিড় ছিল। এদিনও পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। গতকাল শুক্রবারও বিক্রি হয়েছিল পাঁচ শতাধিক ফরম। এ নিয়ে দুই দিনে ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ শনিবার রাতে মুঠোফোনে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, যোগ্যতা, সামাজিক সুনাম, শিক্ষা, নির্যাতনের শিকার ছিলেন, গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামে যাঁদের প্রচেষ্টা দৃশ্যমান ছিল, মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম নিতে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে অফেরতযোগ্য ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার পর্যন্ত তিন দিন এই ফরম বিক্রি চলবে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

মনোনয়ন ফরম বিক্রি বেশি ইঙ্গিত করে রিজভী বলেন, ‘এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬–১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫–১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।’

আরও পড়ুন

নয়াপল্টন কার্যালয়ের চিত্র

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে আজ সকালে দলীয় নেত্রীদের ক্ষোভের মুখে পড়েন রোমানা মোর্শেদ কনকচাঁপা (কণ্ঠশিল্পী কনকচাঁপা)। কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে সেখানে থাকা অন্য মনোনয়নপ্রত্যাশীরা হইচই শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত না থেকেও হঠাৎ করে মনোনয়নপ্রত্যাশী হওয়া সুবিধাবাদিতার শামিল।

ঘটনাস্থলে উপস্থিত বগুড়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন সাংবাদিকদের বলেন, ‘কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিল, ১৭ বছর আমরা দলের জন্য খেটেছি—তাদের মূল্যায়ন কোথায়?’

শনিবারও নয়াপল্টনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীদের অনেকে মনোনয়ন ফরম কিনেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা স্বজন ও সতীর্থদের নিয়ে কার্যালয়ে ভিড় জমাতে থাকেন। কার্যালয়ের ভেতর-বাইরেই ছিল কর্মচাঞ্চল্য। রাস্তাজুড়ে শোনা গেছে স্লোগান, কোথাও ছোট ছোট জটলা—কেউ ফরম সংগ্রহ করছেন, কেউবা সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক রাজনৈতিক উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।