কথা অনেক বলেছি, এখন রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় আজ বিকেলে ‘১২–দলীয় জোট’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

এবার প্রতিরোধ গড়ে এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘কথা অনেক বলেছি, এখন আর কথা বলে কোনো কাজ হবে না। এখন আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের শুধু প্রতিবাদে সোচ্চার নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ, এদের (সরকার) যত সময় দেবেন, এরা আরও ক্ষতি করবে দেশের, মানুষের, জাতির।’

রাজধানীর মালিবাগ এলাকার একটি রেস্তোরাঁয় আজ বুধবার বিকেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক ‘১২–দলীয় জোট’ আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বঙ্গবাজারে হাজার কোটি টাকার কাপড় পুড়েছে। কিছুদিন আগেও সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২২ জন নিহত হলেন। এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই। সড়কপথও যেন মৃত্যুকূপ, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার এমনভাবে কথা বলে, যেন এ দেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। অথচ তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সব নীতি-নৈতিকতা ও সংবিধান বিসর্জন দিয়ে, মানুষের অধিকার পুরোপুরি লঙ্ঘন করে বেআইনি কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে।’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম কুমিল্লায় গতকাল মঙ্গলবার যুবদলের ইফতার মাহফিলে পুলিশের হামলা ও ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার, আজ সকালে নরসিংদী বিএনপির জেলা কমিটির সভায় পুলিশের হামলা, সম্প্রতি নাটোর ও খুলনায় হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করার ঘটনার উল্লেখ করেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার দায়িত্বজ্ঞানহীন। কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। তিনি বলেন, ‘বঙ্গবাজারে হাজার কোটি টাকার কাপড় পুড়েছে। কিছুদিন আগেও সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২২ জন নিহত হলেন। এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই। সড়কপথও যেন মৃত্যুকূপ, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই পবিত্র দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, যেন জনগণকে সম্পৃক্ত করে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে (দেশ) স্বাধীন করেছিলাম, আজ আবার দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করি; যাতে জনগণের একটি কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, হাবিবুর রশিদ, সৈয়দ এমরান সালেহ, জেএসডির সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, কারাবন্দী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী, ১২–দলীয় জোটের নেতা জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির আবু তাহের, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।