তাসমিয়া প্রধানের বার্ষিক আয় ৭ লাখ, স্বামীর ৪ লাখ

তাসমিয়া প্রধানছবি: ফেসবুক থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে প্রার্থী হয়েছেন তাসমিয়া প্রধান। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চেয়ারম্যান।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাসমিয়া প্রধানের বার্ষিক আয় তাঁর স্বামীর চেয়ে বেশি। হলফনামায় তাসমিয়া প্রধান তাঁর পেশা আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর স্বামীর পেশা ব্যবসা।

২০২৫ সালের আয়কর বিবরণীতে বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ৯৬ হাজার ৭৯৪ টাকা। তাঁর স্বামীর বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।

তবে আয়কর বিবরণীতে স্বামীর চেয়ে কম সম্পদ দেখিয়েছেন এই প্রার্থী। তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬৭ লাখ ২৯ হাজার ১৯৩ টাকা। তাঁর স্বামীর সম্পদ ৭৫ লাখ ৮৭ হাজার ৭৬৩ টাকা।

এই প্রার্থী উল্লেখ করেছেন, অস্থাবর সম্পদের মধ্যে তাঁর কাছে ২০ তোলা সোনা আছে। যার বাজারমূল্য দেখিয়েছেন ১০ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্য ৫ লাখ টাকার বৈদ্যুতিক পণ্য এবং ৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার আসবাবের কথা তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

তাসমিয়া প্রধান অস্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৩৫ লাখ ৭৭ হাজার ৫৭৬ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্যও একই।

এই প্রার্থী তাঁর হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে পিতার মৃত্যুর পর উত্তারিধারসূত্রে পাওয়া ১ হাজার ৫৯০ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন। তবে সেটির কোনো বাজারমূল্য উল্লেখ করেননি। এ ছাড়া হলফনামায় তিনি স্থাবর সম্পদের আর কোনো অর্জনকালীন বা বর্তমান আনুমানিক মূল্যও উল্লেখ করেননি।