বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত ফুলে–ফেঁপে হয়েছে বিষবৃক্ষ: ওবায়দুল কাদের
বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলে–ফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে, এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সচেতন মানুষমাত্রই জানে, জামায়াতে ইসলামী হলো বিএনপির বি টিম।’
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘ঐতিহ্যগতভাবে গোলাম আযমের দল জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিল এবং তাঁর স্ত্রী খালেদা জিয়া গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে।’
জামায়াতে ইসলামীকে ঘিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই অভিযোগের সমর্থনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন, ‘বিএনপির শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলাদেশে জোরদার হয় এবং জামায়াতে ইসলামের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়।’
২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল, সেই প্রসঙ্গ টেনে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি জামায়াতের সঙ্গে একাকার হয়ে সরকার গঠন করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করে। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, ‘যুদ্ধাপরাধের বিচারের সময় খালেদা জিয়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বন্ধ করার জন্য আন্দোলন করেছেন।’
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ভোট না দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া, হরতালের নামে আগুন–সন্ত্রাস ও পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা, গাছ কাটা, ভূমি অফিস পুড়িয়ে দেওয়ার যে ইতিহাস বিএনপি সৃষ্টি করেছিল; সেটা বেশি দিন আগের নয়। বিএনপির নেতারা ভুলে গেলেও দেশের মানুষ বিএনপির সেই সহিংসতার কথা ভুলে যায়নি। আসলে নিজেদের এসব অপকর্ম আড়াল করতেই বিএনপি নেতারা সব সময় অপপ্রচার চালান এবং সরকারি দলের লোকদের ওপর দোষ চাপিয়ে আত্মতুষ্টিতে ভোগার উপলক্ষ খোঁজেন।
সম্প্রতি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন হারিয়ে এখন চায়না–রাশিয়ার অর্থনৈতিক জোট ব্রিকসের দিকে ঝুঁকেছে। এই অভিযোগের জবাব দিয়ে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ব্রিকসে যোগদান নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। পাশ্চাত্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও ভারত ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠাতাদের অন্যতম। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে দেশের জন্য আর্থিক সহায়তা পেয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য শেখ হাসিনা সরকার ব্রিকসে যোগদান করছে। বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে।’
ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন এবং ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।