বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন এবি পার্টির
বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ সোমবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন দলটির নেতারা।
গত শনিবার ঢাকায় বিএনপির ‘সমাবেশে হামলা, এবি পার্টির কার্যালয়ে ভাঙচুর, বিএনপি নেতাদের গ্রেপ্তার ও সরকারি দলের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে’ এ বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি।
মিছিলটি শুরু হয় বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বর থেকে। এরপর সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর ও পল্টন ঘুরে শ্রমভবন চত্বরে এসে সংক্ষিপ্ত এক সমাবেশ করেন নেতারা। সমাবেশে নেতারা অভিযোগ করেন, হামলা, মামলা ও গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে সরকার ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা চালাচ্ছে।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব বলেন, এই ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধ। যাঁরা মিথ্যা মামলার শিকার, আহত অথবা স্বজন হারিয়েছেন, তাঁদের রাজপথে এসে দাঁড়াতে হবে।
বিএনপির সমাবেশে হামলার পাশাপাশি এবি পার্টির কার্যালয়ে ও সমাবেশ মঞ্চে ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করেন দলটির সদস্যসচিব মজিবুর রহমান। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখলে হামলাকারী পুলিশ ও সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করা সম্ভব।
সমাবেশের একপর্যায়ে এবি পার্টি নেতারা বিএনপি ঘোষিত দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিতে সমর্থন দেন। এতে সংহতি হিসেবে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, এবি পার্টির যুব শাখা যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান প্রমুখ।