এক-এগারোতে একটি সম্পূর্ণ বেআইনি, দখলদারি একটি সরকার গঠন করা হয়েছিল। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এক–এগারোতে যে অভ্যুত্থান ঘটেছিল, সেদিন সংবিধান ও আইনসম্মত একটি সরকারকে উৎখাত করা হয়েছিল।
আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবসের এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথাগুলো বলেন।
এক-এগারোর সেনা–সমর্থিত সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। ১৮ মাস জেলে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার লন্ডন চলে যান।
সেই সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, ‘একটি আইনসম্মত সরকারকে উৎখাত করে সেখানে সম্পূর্ণ বেআইনি, দখলদারি একটি সরকার গঠন করা হয়েছিল, যেটি ছিল ফখরুদ্দীন-মইন উদ্দিনের সরকার। এ কথাগুলো আমাদের মনে রাখতে হবে। সে সময়ে তারেক রহমানকে গ্রেপ্তার করাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি একটি ষড়যন্ত্রের অংশ ছিল।’
মির্জা ফখরুল ইসলাম আরও অভিযোগ করেন, ‘এক-এগারোতে সেই সময়ে ফখরুদ্দীনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে আজকের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার তাদের আন্দোলনের ফসল।’
তারেক রহমানের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেই অপপ্রচারের মূল লক্ষ্য হচ্ছে তারেক রহমানকে একজন খলনায়ক হিসেবে দেখানো। তাঁকে নেতৃত্বের যোগ্যতা নেই এ ধরনের একটি কথা তারা প্রচার করতে চায়।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা পরিষ্কার করে আজকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সেই সমস্ত মিডিয়ার, সেই সমস্ত মালিকদের—এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না। যারা আজকে পরিবর্তন চায়, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের নেতার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়ে আপনারা কখনোই টিকে থাকতে পারবেন না।’
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এরা (আওয়ামী লীগ) মনে করে দেশটা তাদের তালুকদারি, এটা তাদের জমিদারি। এটার মালিক তারা। আর আমরা হচ্ছি সমস্ত প্রজা। এভাবে তারা দেশ চালাতে চায়। এটা এবার দেশের মানুষ আর হতে দেবে না।’
উত্তরাঞ্চল ছা্ত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাংবাদিক কাদের গনি চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান।