আওয়ামী লীগের নারী কর্মীদের ওপর নৃশংস হামলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবনের সামনে আওয়ামী লীগের নারী কর্মীদের ওপর নৃশংস হামলা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম নারীদের ওপর এমন নৃশংস হামলা হয়েছে।
আওয়ামী লীগের আহত নারী কর্মীদের দেখতে আজ মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি যান মধুবাগ আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহিলা আওয়ামী লীগের নেতারা শান্তি সমাবেশে যাচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাঁদের পিটিয়েছেন। বলতে লজ্জা হচ্ছে, কাপড় ছিঁড়ে ফেলেছেন। দেশের ইতিহাসে প্রথম নারীদের ওপর এমন হামলা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস।’
মন্ত্রী বলেন, ‘আমি মগবাজার হাসপাতালে দুজনকে মুমূর্ষু অবস্থায় দেখে এসেছি। আরও নারী আক্রান্ত হয়েছেন, যাঁদের আমি এখন দেখতে যাব। আমরা হামলাকারীদের প্রতি ঘৃণা জানাই। এইভাবে পুলিশ হাসপাতালে হামলার ঘটনায় আমার গাজার কথা মনে পড়ছে। যেভাবে সেখানে হামলা করা হয়েছে, আমাদের এখানেও ওইভাবে হামলা করা হচ্ছে। এমন হামলা সভ্য জগতে ঘটা অসম্ভব।’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের এক পুলিশ সদস্যকে ইটপাটকেল মেরে, পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। এ রকমভাবে হত্যার পর তারা হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা গাড়ি পুড়িয়েছে। সবচেয়ে বড় কথা, তারা শ্রমিকদের উসকানি দিচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের বলতে চাই, আপনাদের ওয়েজ বোর্ডের ব্যাপারে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী আপনাদের পাশে সব সময় ছিলেন, আছেন।’