১৭ দল নিয়ে নতুন জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন
ছবি: প্রথম আলো

১৭টি রাজনৈতিক দল নিয়ে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে একটি নির্বাচনী জোট আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন (ছালু) নতুন এই নির্বাচনী জোটে থাকা দলগুলোর নাম ঘোষণা করেন। এ জোটের লক্ষ্য দেশের রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ চায় সুষ্ঠু ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদকবিরোধী রাজনীতি। আগামী নির্বাচনে ৩০০ আসনে এ জোট অংশগ্রহণ করবে।’

জোটের দলগুলো হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ), বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লি উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায়বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি ও বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

লিখিত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি। মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জানুয়ারি মাসে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে লক্ষ্য রেখে ১৭টি দল নিয়ে আমরা এই নির্বাচনী জোট করলাম।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল হাই মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পাটির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান মো. আবদুল হাই সরকার, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শহীদুন্নবী (ডাবলু), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম (মনি) প্রমুখ।

এনপিপি এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিল। তখন দলটির নেতৃত্বে ছিলেন শেখ শওকত হোসেন (নিলু)। ২০১৪ সালে দলটি ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসে।

আরও পড়ুন