নির্বাচনে না আসার ঘোষণা দেওয়া দল নিয়ে আলোচনা হয়নি: ইসি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসি সচিব মো. জাহাংগীর আলম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

নির্বাচনে না আসার ঘোষণা দেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বা জোটের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। আজ বুধবার ওই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ সন্ধ্যায় ইসি সচিব জাহাংগীর আলম এ কথা জানান। এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

যারা নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে, তাদের বিষয়ে ইসির সভায় কোনো আলোচনা হয়েছে কি না, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত বিধায় আজকের সভায় কোনো আলোচনাই হয়নি।’

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, ‘একটি প্রধান রাজনৈতিক দলের (বিএনপি) অফিসে তালা...।’ এতটুকু বলতেই ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে জাহাংগীর আলম বলেন, ‘এই বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত...(নয়)। কমিশনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে কথা বলুন।’

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল অনুযায়ী রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করবে, মনোনয়ন দাখিল করবে, বাছাইয়ে উন্নীত হবে, প্রচারণায় যাবে। তখন থেকে পদপ্রার্থীদের সব ধরনের সমতল অবস্থা (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পিছপা হবে না।’

পুনরায় তফসিল দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব জাহাংগীর আলম বলেন, ‘ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন যদি আজকে আমাকে করেন।’ তিনি বলেন, ‘নির্বাচনের অনেকগুলো ধাপ আছে। সব কার্যক্রম ধাপে ধাপে গ্রহণ করা হয়। আপনারা বলছেন, নির্বাচনের সময়ের কথা। এখন নির্বাচনের পূর্বকালীন সময়। তফসিলের সময় থেকে নির্বাচনের আগপর্যন্ত যখন যেটা প্রয়োজন হবে, কমিশন তখন সেই কার্যক্রম গ্রহণ করবে।’

ইসি সচিবালয়কে আজকের সভায় কী নির্দেশনা দেওয়া হয়েছে, তা ব্যাখ্যা করে জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ১ থেকে ১৮টি নির্দেশনামূলক পরিপত্র জারি করতে হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো কখন কীভাবে জারি করতে হবে, কীভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন—এসব বিষয়ে কমিশন আমাদের নির্দেশনা দিয়েছে। তার আলোকে আমরা দ্বাদশ জাতীয় নির্বাচনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

ইসি সচিব জানান, ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা থাকবেন। তাঁদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে রিটার্নিং কর্মকর্তা থাকবেন বিভাগীয় কমিশনাররা। এ ছাড়া ৬৪ জেলায় ৬৪ জন জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া মহানগর এলাকা, সেনানিবাস এলাকা এবং যেসব উপজেলা একাধিক নির্বাচনী আসনে বিভাজিত, সেসব জায়গায় ভিন্ন ভিন্ন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৪৯৫ জন, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ৫৬ জন, স্থানীয় সরকারের উপপরিচালক ১৪ জন, অতিরিক্ত জেলা প্রশাসক ৮ জন, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ১১ জন, ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা ৫ জন, সহকারী কমিশনার (ভূমি) ২ জন এবং সার্কেল অফিসার (উন্নয়ন) ১ জন।