ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করছে: এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এবি পার্টির অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। কিন্তু সংগ্রামে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, জনগণ তাঁদের ওপর আস্থা রাখতে পারছে না। ফলে দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আবারও পাকিস্তানি শোষণের কালো অধ্যায়ে নিয়ে যাবে। এর জন্য আওয়ামী লীগকে অনিবার্যভাবে বাংলাদেশে মুসলিম লীগের ভাগ্য বরণ করতে হবে।’
এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসীন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবি পার্টি। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন কেজি ওজনের তিনটি কেক কাটার মধ্য দিয়ে আজ চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। বুধ ও বৃহস্পতিবার সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠক সম্মেলন ও শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হবে।