ডাকসু নির্বাচন: মুগদা থেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এলেন আবু বকর

মুগদা থেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এসেছেন আবু বকর সিদ্দিক। পাশে তাঁর বাবা। আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে এসেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। রাজধানীর উত্তর মুগদা থেকে বাবার সঙ্গে হুইলচেয়ারে করে সিনেট ভবনের কেন্দ্রে এসে ভোট দিয়েছেন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়েও ভোট দেওয়ার পর তাঁর মুখে ছিল আনন্দের ছাপ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট দেওয়া শেষে প্রথম আলোর সঙ্গে কথা হয় আবু বকর সিদ্দিকের।

আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। এত দূর থেকে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে আবু বকর সিদ্দিক বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য তিনি ভোট দিতে এসেছেন।

আবু বকরের বাবা মো. আবদুল হান্নান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাকরির কারণে তিনি সপ্তাহে মাত্র এক দিন সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ক্লাস করিয়ে আবার সন্তানকে নিয়ে উত্তর মুগদার বাসায় ফিরে যান।

আবদুল হান্নান বলেন, আবু বকর তাঁর একমাত্র সন্তান। জন্মগতভাবে আবু বকর বিশেষ চাহিদাসম্পন্ন। বিশ্ববিদ্যালয়ে তিনিই ছেলেকে আনা–নেওয়া করেন। ব্যস্ততা ছিল, তবু ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি আজ আবু বকরকে নিয়ে এসেছেন।

আরও পড়ুন

আবু বকর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোট দিয়ে আমি খুবই আনন্দিত। আগে থেকেই পছন্দের প্যানেল বেছে রেখেছিলাম। পছন্দ অনুযায়ী ভোট দিয়েছি। আশা করছি তাঁরা বিজয়ী হবেন।’

কেমন প্রার্থী পছন্দ—জানতে চাইলে আবু বকর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রার্থী বাছাই করার চেষ্টা করেছেন তিনি। প্রতিবছর এমন উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।

ডাকসুর মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে—এমন প্রত্যাশা করে আবু বকর বলেন, গত ১৫ বছর দেশে ভোট হয়নি। ডাকসু দিয়ে নির্বাচন শুরু হলো। এই ধারা জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকুক।

পড়াশোনা শেষে নিজ পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে চান এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘পরিবার আমার জন্য অনেক কষ্ট করছে। দেশ ও পরিবারের কল্যাণে কাজ করতে চাই। দেশের মার্কেটিং সেক্টরেও কাজের ইচ্ছা আছে।’

আজ সকাল আটটা থেকে আটটি ভোটকেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।