দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি পিছিয়েছে। নাহিদ এনসিপির আহ্বায়ক।
আজ মঙ্গলবার আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বিষয়টি নট টুডে (আজ মঙ্গলবার নয়) রাখেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিন হবে গণভোট।
কাইয়ুমের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ‘আবেদনকারীপক্ষ সময় চেয়েছে। আদালত নট টুডে রেখেছেন। এ হিসেবে নির্বাচনের পরে লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি হতে পারে। কাইয়ুমের যথারীতি নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।’
আদালতে নাহিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী এম কে শাহনেওয়াজ ও জহিরুল ইসলাম মুসা। কাইয়ুমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস।
সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত ‘নট টুডে’ দিয়েছেন বলে জানান নাহিদের অন্যতম আইনজীবী এম কে শাহনেওয়াজ। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের পরে নাহিদের লিভ টু আপিলের শুনানি হবে।’
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করে তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেন।
তবে কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক—এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার ওই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন নাহিদ। কাইয়ুম দ্বৈত নাগরিক এবং এই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন বলে রিটে অভিযোগ করা হয়।
শুনানি নিয়ে হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এর বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নাহিদ। লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাঁকে প্রতীক (ধানের শীষ) বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয় বলে জানিয়েছেন নাহিদের এক আইনজীবী।
নাহিদের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। চেম্বার আদালত লিভ টু আপিলটি আজ মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ওঠে।