বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ‘রহস্যজনক’: মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহির অভাবে এ ধরনের মর্মস্পর্শী ঘটনা বারবার ঘটছে।
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, অতীতে এ ধরনের ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলোর তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।
ঈদের আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সর্বস্বান্ত হয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
ফখরুল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।