ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি—দেশের প্রধান এই দুই দল আজ সোমবার ঢাকায় সমাবেশ করবে। বিএনপির কর্মসূচি পূর্বনির্ধারিত। দলটি মিছিল-সমাবেশের তারিখ ঘোষণার পর আওয়ামী লীগ একই দিনে সমাবেশের ডাক দেয়। যদিও ক্ষমতাসীন দলটি এই কর্মসূচিকে বিএনপির পাল্টা নয় বলে দাবি করছে। পাল্টাপাল্টি সমাবেশে বড় জমায়েত করে শক্তি দেখানোর চেষ্টা করার ইঙ্গিত দুই দল থেকেই পাওয়া গেছে।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ দুপুরে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। এরপর মিছিল করবেন নেতা-কর্মীরা। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে যাতে হয়, সেই নির্দেশনা তাঁরা আগেই দলীয় নেতা-কর্মীদের দিয়ে রেখেছেন। সরকার পাল্টা কর্মসূচি দিয়ে রাখলেও বিএনপির আগের কর্মসূচিগুলোর মতোই নয়াপল্টনের এবারের সমাবেশেও নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন।
বিএনপির কর্মসূচিতে আজ সকাল থেকেই ঢাকায় রাজপথে থাকার ঘোষণা দিয়ে রেখেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি সমাবেশ ডেকেছে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে। ঢাকার দুটি সমাবেশে বড় জমায়েত করার প্রস্তুতি রয়েছে দলটির। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও আজ ঢাকায় সমাবেশ করবে।
গত ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ১২ দল এবং ১১-দলীয় জোটও রয়েছে। গত ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সূচনা হয়। এরপর ১১ জানুয়ারি গণ-অবস্থান ছিল যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি। বিরোধী দলগুলোর ওই দুই কর্মসূচিতে ঢাকায় পাল্টা সমাবেশ করে শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে গতকাল রোববার নীলফামারীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাঁকডাক দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে না। আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশিরবিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে।
নয়াপল্টনে থাকবে বিএনপি
আজ বেলা দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সমাবেশে অংশ নেওয়ার সম্ভাবনা কম।
গতকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় এক মাস কারাবন্দী থাকার পর ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
অন্য দল ও জোটের সমাবেশ
গণতন্ত্র মঞ্চ আজ বেলা সাড়ে ১১টায় সমাবেশ করবে জাতীয় প্রেসক্লাবের সামনে। সমাবেশের পর তারা মিছিল বের করবে। এলডিপি আজ বেলা দুইটায় সমাবেশ করবে এফডিসির কাছে তাদের দলীয় কার্যালয়ের সামনে।
জাতীয়তাবাদী সমমনা জোট বেলা দুইটায় সমাবেশ করবে জাতীয় প্রেসক্লাবের সামনে। গণতান্ত্রিক বাম ঐক্যও জাতীয় প্রেসক্লাবের সামনেই সকাল সাড়ে ১০টায় সমাবেশের কর্মসূচি দিয়েছে।
পাল্টা কর্মসূচি
আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো ঢাকার কয়েকটি জায়গায় সমাবেশ করবে। আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজ বেলা তিনটায় ভাটারার ১০০ ফুট সড়কে ‘শান্তি’ সমাবেশ করবে।
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ফার্মগেটে এবং ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ ডাকা হয়েছে। আর ছাত্রলীগ আজ বেলা ১১টায় ছাত্রসমাবেশ করবে শাহবাগ চত্বরে।