কাউকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। ১৬ সেপ্টেম্বর ২০২৬ছবি: প্রথম আলো

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে না আসার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশের কোনো ক্যাম্পাসে আর সন্ত্রাসী ছাত্ররাজনীতি চলবে না। কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হবে না।

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে রাকিবুল ইসলাম এ কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্ররাজনীতি কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করবে না। কোনো দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি এই বাংলাদেশে আর কখনো হবে না।’

নবীনদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তাই সময়ের অপচয় না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। শুধু বিসিএস বা সরকারি চাকরিকে ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, আইটি, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খোঁজার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের আগের আন্দোলনের প্রসঙ্গ টেনে রাকিবুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গত কয়েক বছর ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করে আসছেন। এসব করতে গিয়ে অনেক নেতা-কর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে।

জুলাই গণ–অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকারও প্রশংসা করেন ছাত্রদল সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শামসুল আরেফিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।