প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: মিয়া গোলাম পরওয়ার
দলীয় সরকারের অধীনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বগুড়া–৬ ও শেরপুর–৩ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার গঠনের পরে বিএনপির অধীনে প্রথম উপনির্বাচনে আওয়ামী দুঃশাসনের মতো, বিএনপির আমলে মাগুরার নির্বাচনের দৃশ্যের মতো দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আবার প্রমাণিত হয়েছে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না।
আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলব, আপনি এই দুটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। সোশ্যাল মিডিয়ায় গুরুতর অনিয়ম ছড়িয়ে পড়ার ছবি প্রমাণ করে, এই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটেকুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি।’
এই দুই আসনের উপনির্বাচনে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি অপরিণামদর্শী পথে হাঁটছে। এখনো সময় আছে, তারা যেন ফিরে আসে। সংসদে দাঁড়িয়ে মন্ত্রীরা বলছেন, তাঁরা জুলাই সনদ অক্ষর অক্ষরে মানবেন। কিন্তু তাঁরা সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোটের ফলাফল মানেন না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনীতির এই সংকট সংসদে সমাধান হওয়ার কথা ছিল। এখনো সময় আছে। সরকারি দলের সংসদ সদস্যরা যাতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল মান্নানসহ অনেকে।