গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় অতিথিরা। জাতীয় প্রেসক্লাবে, ১০ অক্টোবরছবি: বাসস

শহীদের আত্মত্যাগে অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে কার্যকর সংসদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শুধু আন্দোলন ও ত্যাগের ইতিহাসচর্চায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জাতীয় অর্থনীতি সচল রাখা এবং আধুনিক রাষ্ট্র গঠনই এখন রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত স্মরণসভায় জহির উদ্দিন স্বপন এ কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকরী সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে। দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার আহ্বান জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন বা সংগ্রাম নয়; বরং দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা। শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শহীদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর সংসদ গঠন ও জাতীয় অর্থনীতিকে সচল করাই এখন রাষ্ট্র ও রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আরও বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব এবং খন্দকার লুৎফর রহমান। সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।