রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়: জামায়াত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়নসংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।’
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা হবে দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ।
গোলাম পরওয়ার বলেন, পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরোনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে। দেশবাসী মনে করে, দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা তা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।
অতিবিলম্বে এ ধরনের হঠকারী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা গোলাম পরওয়ার। একই সঙ্গে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।