বিএনপির আমলে বাংলাদেশ দুর্ভিক্ষপীড়িত হিসেবে পরিচিত ছিল: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত দেশ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। তাদের সময়ে উত্তরাঞ্চলে মঙ্গা লেগেই থাকত। শেখ হাসিনার নেতৃত্বে মঙ্গা আজ নির্বাসিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করছে।

আজ রোববার ওবায়দুল কাদের এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি ঈদের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন এবং নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছেন।

এর আগে গতকাল শনিবার মির্জা ফখরুল ঢাকার শেরেবাংলা নগরে সাংবাদিকদের বলেন, দেশে আজ একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে চরম অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। মিথ্যা কথা বলে, প্রচার করে এই সরকার ক্ষমতায় টিকে আছে জোর করে। মির্জা ফখরুল এবারের ঈদকে ‘বেদনাদায়ক এবং কষ্টকর’ হিসেবে বর্ণনা করেন।

এদিকে, ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ঈদুল ফিতর উদযাপন করছে। মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে, তা সব সময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতিবাচক বক্তব্য তাদের চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শাসনামলের দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছেন। আজ খাদ্যের অভাবে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটেছে? ঘটেনি। দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে এমন কোনো সুনির্দিষ্ট তালিকা বা নাম কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আছে? নেই।

বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে। বিএনপির রাজনীতি বদ্ধ জলাশয়ের মতো, তারা নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতির নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেনি।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা ভূয়সী প্রশংসা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এসব তথ্য আমলে না নিয়ে প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছেন।