ভোটে কেউ সংঘাত করলে রেহাই নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় যুক্ত হন। তেজগাঁও, ঢাকা, ২১ ডিসেম্বরছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে কোনো রকমের সংঘাত না করতে দলীয় প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণ যাঁকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের কেউ সংঘাত করলেও রেহাই নেই। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি দেওয়া ভাষণে এ কথা বলেন। তিনি আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় যুক্ত হন। পরে এসব জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচন এবং সে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবেন। ভোটের মালিক জনগণ, এটা তাঁদের সাংবিধানিক অধিকার। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এটা (নির্বাচন) উন্মুক্ত করেছি, আমাদের নৌকার প্রার্থীও আছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে এবং অন্যান্য দলের প্রার্থীও রয়েছে।’ তিনি দলের প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের কাছে যাবেন, জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে কিন্তু কোনো রকমের সংঘাত বা মারামারি, কোনো কিছুই আমি দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘কোনো সংঘাত হলে, সংঘাত যদি আমার দলেরও কেউ করে, তাদের কিন্তু রেহাই নেই। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সেটা মনে রাখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই নির্বাচনে জনগণ তাঁদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবেন। যাঁকে খুশি বা যাঁকে পছন্দ, তাঁকে ভোট দেবেন এবং তিনি জয়ী হয়ে আসবেন। কেননা, গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে হবে।’ এর যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখার জন্যও এটা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এমনভাবে কাজ করবেন, যাতে নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।’

আওয়ামী লীগ সভাপতি তাঁর দলের নেতা-কর্মীদের আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ও ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য। কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে বা নিচ্ছে না, তাতে কিছু যায় আসে না।’

ভোটে কারচুপির কোনো নিশ্চয়তা না থাকায় বিএনপি নির্বাচনে অংশ নেবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ দেশের মানুষের কল্যাণে কাজ করি আর বিএনপির কাজটা কী? জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস, এটাই তারা ভালো বোঝে, এটাই তারা করে।’ তিনি বলেন, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কেননা, সন্ত্রাসী এবং জঙ্গিবাদী সংগঠন হচ্ছে বিএনপি।

শেখ হাসিনা বলেন, ভোট চুরির অপরাধে দুই-দুইবার এ দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল, সেটা নিশ্চয়ই সবার মনে আছে। যারা ভোট চুরির অপরাধে ক্ষমতা থেকে বিতাড়িত, তাদের মুখে এখন গণতন্ত্রের কথা শুনতে হয়, ভোটের কথাও শুনতে হয়—এটাই হচ্ছে দুর্ভাগ্য।  

বিএনপি নির্বাচনে আসবে কীভাবে সে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কারও কোনো প্রশ্ন ছিল না। সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ৩০টি আসন পেয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টাকা পাচার, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি ও একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার পলাতক আসামি তারেক তত্ত্বাবধায়ক সরকারের সময় আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। আর সেখানে বসে এখন নির্বাচন বানচাল করাসহ মানুষ হত্যার হুকুম দিচ্ছে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ভোটের অধিকার জনগণকে আওয়ামী লীগই দিয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এবার নির্বাচনে সবাইকে সতর্ক থাকতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ করে কোনো মানুষের ক্ষতি যেন কেউ না করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, সেই ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে স্মার্ট বাংলাদেশে প্রত্যেকটি ছেলে-মেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াবে।’
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের উন্নয়ন-অগ্রযাত্রার ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান তেজগাঁও দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, প্রার্থী, স্থানীয় গণমান্য ব্যক্তিসহ আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীরা সংযুক্ত পাঁচ জেলার ভেন্যুতে উপস্থিত ছিলেন।