বাংলাদেশ এখন জীবন্ত লাশ: নুরুল হক
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেছেন, বাংলাদেশ এখন জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। এই জীবন্ত লাশকে চিকিৎসা করে ভালো করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের নাটোর জেলার আহ্বায়ক নূরশাদ প্রামাণিককে হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেট কার আরোহী পাঁচজন নিহতের ঘটনা ও চকবাজারে আগুনে পুড়ে ছয়জন নিহতের বিষয়ে কথা বলেন নুরুল হক। তিনি বলেন, সরকার তদন্ত কমিটির নামে ভাঁওতাবাজি করে। গত ১৩ বছর তারা জাতির ওপর দুঃশাসন চাপিয়েছে। নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ারে দুর্ঘটনার পর সরকার অনেক কিছু বললেও কোনো কাজ হয়নি।
নুরুল হক বলেন, জুয়ার প্রতিবাদ করায় নূরশাদকে যুবলীগের কর্মীরা হত্যা করেছেন। এই হত্যার প্রতিবাদ করতে গেলে সেখানে আওয়ামী লীগ হামলা করে। সারা দেশে নৈরাজ্য চলছে। মানুষের কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। যুব অধিকার পরিষদের এই প্রতিবাদ সভার সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপস্থিতি কম থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক।