সংঘাত: দুই দলের সহাবস্থান থাকল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম সাখাওয়াত হোসেন

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজপথে যে সংঘাত-সহিংসতা হলো, সেটি ভালো কোনো লক্ষণ নয়। এত দিন দুই দল মুখে মুখে অনেক কথা বললেও অন্তত সহাবস্থান ছিল। সহিংসতার ঘটনায় দুই দলের মধ্যে সহাবস্থান আর থাকল না।

একটি দল কিছুদিন আগে থেকে বলে আসছে ঢাকায় মহাসমাবেশ করবে। একই দিন অন্য দলের তো সমাবেশ ডাকার প্রয়োজন ছিল না। তবু একই দিন তারা সমাবেশ ডাকল। পাল্টাপাল্টি সমাবেশ ডেকে একধরনের উত্তেজনা তৈরি করা হলো। এ ধরনের উত্তেজনার মধ্যে অনেকে সুযোগ খোঁজেন। সুযোগ কাজেও লাগান। আমাদের দেশের মানুষ এখনো ভদ্র ও সভ্য জাতি হয়নি। মানুষ এখনো পরিপক্ব নয়।

আরও পড়ুন

মহাসমাবেশে যা হয়েছে; এখন দুই দল পাল্টাপাল্টি অভিযোগ করবে। এক দল আরেক দলকে দায়ী করবে। দীর্ঘদিন হরতালমুক্ত ছিল দেশ। রোববার হরতাল ডাকা হয়েছে। এ ঘটনায় দুই দলই ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলো। এ ঘটনায় কার লাভ হলো? কোনো দলেরই লাভ হয়নি।

দেশ স্বাধীনের ৫২ বছর পেরিয়ে গেল। অথচ এখনো সুষ্ঠু নির্বাচনের পথ বের করা যায়নি। পাঁচ বছর পরপর দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়; সহিংসতা, সংঘাত হয়। বিদেশিদের দোষারোপ করা যায় না। আমরাই তাদের সুযোগ করে দিই। বাংলাদেশ ছোট দেশ নয়। এই দেশ ভানুয়াতু নয়। এখানে বিদেশিদের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক স্বার্থ আছে। তারা সুযোগ নেবেই।

আরও পড়ুন

নয়াপল্টনের ঘটনায় আমি হতাশ। এ সহিংসতা অব্যাহত থাকবে। সংঘাত কোথায় গিয়ে থামবে; জানি না। উত্তরণের কোনো পথ দেখা যাচ্ছে না। সরকার যেভাবেই হোক একটি নির্বাচন করবে। লক্ষণে তা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন

তবে মনে রাখতে হবে, এবার ২০১৪ কিংবা ২০১৮ সাল নয়। এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারের নির্বাচনের দিকে অনেকের চোখ। চলমান ঘটনা থেকে উত্তরণের কোনো পথ কিংবা উপায় দেখা যাচ্ছে না। রাজনীতিবিদদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। যদি তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় না হয়, তবে ক্ষতিগ্রস্ত হবে দেশের সবাই।

  • এম সাখাওয়াত হোসেন সাবেক নির্বাচন কমিশনার এবং এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো (এনএসইউ)