শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে জামায়াতে নারী নেতৃত্ব এবং নারীদের বিষয়ে থাকা বক্তব্য নিয়ে আলোচনা, সমালোচনা চলছে।

এই পোস্ট নিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। জামায়াত বলেছে, সম্প্রতি দলীয় আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে শুধু অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করতে আহ্বান জানানো হয়। যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করতে বলা হয়।