আ.লীগের কমিটি
পদপ্রত্যাশীদের দৃষ্টি ফাঁকা পদের দিকে
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক। সেখানে আলোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে।
কমিটিতে মোট পদ ৮১টি।
নাম ঘোষিত হয়েছে ৪৮ পদে।
পদ ফাঁকা রয়েছে ৩৩টি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটির গুরুত্বপূর্ণ প্রায় সব পদে নেতাদের নাম ঘোষণা হয়ে গেছে। বড় কোনো পরিবর্তন না থাকায় আগের কমিটির নেতাদের একাংশ আছে স্বস্তিতে। কেউ কেউ দীর্ঘদিন একই পদে থাকার পরও পদোন্নতি না হওয়ায় কিছুটা আশাহত। পদপ্রত্যাশী যাঁরা কমিটিতে স্থান পাননি, তাঁদের চোখ এখন ফাঁকা পদের দিকে।
গত শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ৪৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৩৩টি পদ ফাঁকা রয়েছে। আজ সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে গতকাল রোববার কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরা বলছেন, কমিটিতে বড় পরিবর্তন আসবে না, এটা আগে থেকেই সবার ধারণা ছিল। তারপরও অনেকে পদোন্নতি এবং নতুন করে জায়গা পাওয়ার আশা করেছিলেন। কমিটি ঘোষণার পর তাঁরা কিছুটা আশাহত।
এবার কমিটিতে খুব বেশি পরিবর্তন হবে না—এটা প্রত্যাশিত ছিল। ফলে কারও হতাশ বা বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ফাঁকা পদে যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে হয়তো বিবেচনা করা হবে।কাজী জাফরউল্যাহ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
এখন যে ৩৩টি পদ ফাঁকা আছে, তার মধ্যে সভাপতিমণ্ডলীর ২টি, সম্পাদকমণ্ডলীর ৩টি ও নির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ রয়েছে। সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে এখন বাইরে থাকা নেতারা এসব পদের দিকে তাকিয়ে আছেন।
দলীয় সূত্র বলছে, ক্রীড়া সম্পাদক পদটি গত সম্মেলনের পরও বেশ কিছুদিন ফাঁকা ছিল। পরে হারুনুর রশীদকে দেওয়া হয়। এবার হারুনুর রশীদকে বাদ দেওয়ার পর নতুন কারও নাম ঘোষণা করা হয়নি। এই পদে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আসতে পারেন বলে দলে আলোচনা আছে। শ্রমবিষয়ক সম্পাদক পদ থেকে প্রায় দুই দশক পর বাদ পড়লেন হাবিবুর রহমান সিরাজ। আর উপপ্রচার সম্পাদক পদ থেকে পদোন্নতি হয়ে আমিনুল ইসলাম পেয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ। শ্রম ও উপপ্রচার সম্পাদক পদে কে আসছেন, সে বিষয়ে নেতারা ধারণা করতে পারছেন না।
নির্বাহী সদস্যের পদটি কেন্দ্রীয় কমিটিতে ‘প্রবেশপথ’ বলা হয়ে থাকে। এই পদের জন্য সবচেয়ে বেশি আগ্রহী থাকেন ছাত্রলীগের সাবেক নেতারা। সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদেরও লক্ষ্য থাকে এই পদে। এ ছাড়া জেলা বা মহানগর কমিটির শীর্ষ নেতাদের কাউকে কাউকে অতীতে এই পদে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়াত নেতাদের ছেলেদের বিবেচনা করা হয়।
এবার প্রয়াত নেতাদের মধ্যে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিলের কথা আলোচনায় আছে। তিনি বাবার আসনে সংসদ সদস্যও। তিনি জাতীয় চার নেতার পরিবারের সন্তান।
জাতীয় চার নেতার পরিবারের সদস্য হিসেবে প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূরের নামও আলোচনায় আছে। সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিলের নামও বলছেন কেউ কেউ। এ ছাড়া ছাত্রলীগের সাবেক শ খানেক নেতা বিভিন্ন উপকমিটিতে ছিলেন, তাঁরাও মূল দলে আসতে সক্রিয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ প্রথম আলোকে বলেন, এবার কমিটিতে খুব বেশি পরিবর্তন হবে না—এটা প্রত্যাশিত ছিল। ফলে কারও হতাশ বা বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ফাঁকা পদে যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে হয়তো বিবেচনা করা হবে।
যুগ্ম সা.সম্পাদক নিয়ে যত আলোচনা
দলের ভেতর গতকাল সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ নিয়ে। এই পদে আগের চারজনই আছেন। তাঁরা হলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। কিন্তু এবার সম্মেলনের দিন সভাপতি শেখ হাসিনা প্রথমে হাছান মাহমুদের নাম ঘোষণা করেন, পরে হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সর্বশেষ নাম ঘোষণা করেন দীপু মনির।
সাধারণ সম্পাদকের অবর্তমানে যুগ্ম সম্পাদকদের মধ্যে যাঁর নাম প্রথমে থাকে, তিনিই দায়িত্ব পালন করে থাকেন। এ বিবেচনায় হাছান মাহমুদের পদোন্নতি হয়েছে। অন্যদিকে হানিফ ২০০৯ সাল থেকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এবার এক ধাপ পিছিয়ে গেলেন। দীপু মনিও এক ধাপ পিছিয়েছেন। এ দুজনের অনেক পরে এই পদে এসেছেন হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।
শেখ হাসিনার ঘোষণা করা ক্রম ধরে আওয়ামী লীগের ওয়েবসাইটে শনিবার রাতে তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা থাকার পর সব নাম উঠিয়ে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রাখা হয়। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে সংশয় তৈরি হয়।
এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে গতকাল সকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি যেভাবে নাম ঘোষণা করেছেন, সেটাই ক্রম। এ ক্ষেত্রে সবার ওপরে হাছান মাহমুদ থাকবেন।
তবে দলীয় আরেকটি সূত্র বলছে, আজ সভাপতিমণ্ডলীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করা হতে পারে।
কমিটিতে বামপন্থী নেতা কমছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বাম ঘরানার বিভিন্ন দল ছেড়ে অনেক নেতা বিভিন্ন সময় আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এমন অনেক নেতা এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীতে ছিলেন। কিন্তু এবার কেন্দ্রীয় কমিটিতে সাবেক বামপন্থী নেতার সংখ্যা একেবারেই কমে গেছে।
শনিবার যে ৪৮ পদে নেতা নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে সাবেক বামপন্থী নেতা আছেন একজন, তিনি হলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। নুরুল ইসলাম নাহিদ ও আবদুল মান্নান খানকে সভাপতিমণ্ডলী থেকে বাদ দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে। মান্নান খান দপ্তর সম্পাদক থেকে সভাপতিমণ্ডলীতে এসেছিলেন।
নাহিদ সভাপতিমণ্ডলীর আগে দলের শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে নূহ উল আলম লেনিন সম্পাদকমণ্ডলীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সভাপতিমণ্ডলীতে এসেছিলেন। তাঁকে ২০১৬ সালে বাদ দেওয়া হয়। এখন তিনি দলের কোনো পদে নেই। জাসদের একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এক-এগারোর পটপরিবর্তনের পর তাঁর আর দলে স্থান হয়নি। পরে তিনি আলাদা দল করেছেন।
বামপন্থী বিভিন্ন দল নিয়ে ২০০৪ সালে ২৩ দফার ভিত্তিতে ১৪-দলীয় জোট গঠন করে আওয়ামী লীগ। একসঙ্গে আন্দোলন ও নির্বাচনে অংশ নিয়ে ২০০৯ সালে সরকার গঠন করে। এরপর টানা তিন মেয়াদে সরকার চালাচ্ছে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া মন্ত্রী হয়েছেন। ২০১৮ সালের পর শরিকদের আর কেউ মন্ত্রিসভায় নেই। মতিয়া চৌধুরী ও নুরুল ইসলাম নাহিদও মন্ত্রিসভায় স্থান পাননি।