ডিএনসিসির সমস্যা জানাতে ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করল জামায়াত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনছবি: দলের সৌজন্যে

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নাগরিক সমস্যার সমাধানে ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করেছে জামায়াতে ইসলামী। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন এবং জামায়াত এসব সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে এ অ্যাপ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আয়োজক ছিল জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনের দলীয়করণের কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে।

জামায়াতের এই নেতা বলেন, ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট, পরিবহন খাতে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দের মতো সমস্যাগুলো এখন তীব্র আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবিলায় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত নতুন উদ্যোগ নিয়েছে। ‘নাগরিক সেবা অ্যাপ’-এর মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা সরাসরি জানাতে পারবেন এবং সেসব সমাধানে দলটির পক্ষ থেকে চেষ্টা করা হবে।

ঢাকা উত্তর সিটির ভবিষ্যৎ মেয়র প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, এমন একজনকে মেয়রের দায়িত্ব পালন করতে হবে, যিনি পুরো নগরীর সমস্যা সমাধানে সব সময় সচেষ্ট থাকবেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মুহাম্মদ ইয়াছিন আরাফাত প্রমুখ।