ইরানের হামলার তীব্র নিন্দা বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি মনে করে, এই আগ্রাসন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত সংকটের প্রকাশ। যুক্তরাষ্ট্র একচেটিয়া পুঁজিবাদ ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং তাদের পণ্যবাজার ও মুনাফার স্বার্থ রক্ষা করতে ইসরায়েলকে ব্যবহার করছে।

আজ রোববার এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেছেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই ইরানের সার্বভৌম ভূখণ্ডে বারবার হামলা করছে। রাষ্ট্রীয় নেতাদের লক্ষ্যবস্তু করে হত্যা করছে। কোনো সভ্য মানদণ্ডেই এই বর্বরতাকে ন্যায়সংগত বলা যায় না।

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এই পারস্পরিক সামরিক উত্তেজনা যে গতিতে বাড়ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গাড়ির ধ্বংসাবশেষ। গতকাল ইরানের রাজধানী তেহরানে
ছবি: রয়টার্স

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বাসদ আরও বলেছে, ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান নিন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করুন। সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করে স্বাধীন ও জনবান্ধব পররাষ্ট্রনীতি গ্রহণ করুন।’

আরও পড়ুন