নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বেন: ওবায়দুল কাদের
নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে জানিয়ে বিএনপির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কারও জন্য ট্রেন আটকে থাকবে না। ট্রেন মিস করলে আপনারা পিছিয়ে পড়বেন। এই সংবিধান, নির্বাচনব্যবস্থা বহাল রেখেই নির্বাচন হবে।’
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সভার আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। বিচারপতি খায়রুল হকের অপরাধ কী? ২০০৬ সালে যে অস্বাভাবিক সরকার দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছিল, সেটা বাতিলে উচ্চ আদালতে রায় দিয়েছেন। ফখরুল সাহেব কথায় কথায় বলেন, আওয়ামী নাকি এটা (তত্ত্বাবধায়ক সরকার বাতিল) করেছে। উচ্চ আদালতের রায়ে এটি বাতিল হয়েছে।’
বর্তমান সংবিধান ও নির্বাচনব্যবস্থা বহাল রেখেই নির্বাচন হবে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, ‘সংবিধান মেনেই নির্বাচন হবে। অবরোধ, দখলের হুমকি দিয়ে তাদের খায়েশ পূর্ণ হবে না। ঢাকা অবরোধ, দখলের নামে আবার অগ্নিসন্ত্রাস, জ্বালাও–পোড়াওয়ের হুমকি আসছে। যাঁরা মনে মনে স্বপ্ন দেখছেন অবরোধ করে, রাস্তা দখল করে আগের মতো বাস, রেল, মানুষ পুড়িয়ে বাংলাদেশের সংবিধানকে কচুকাটা করবেন—সেটা কোনো দিন হবে না। আমরা হতে দেব না।’
উল্লেখ্য, নির্বাচন কমিশন জানুয়ারির শুরুতে নির্বাচন ও নভেম্বরের মাঝামাঝি বা তার কাছাকাছি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।